আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় সন্দেহভাজন ৫০ জঙ্গী নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর বরাত দিয়ে স্থানীয় পত্রিকা ডন এ খবর জানিয়েছে। আজ রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার দেশটির স্থানীয় সময় রাতে দেড়টার দিকে ফাইটার জেট বিমান দিয়ে উত্তর ওয়াজিরিস্তানে হামলা চালানো হয়। আমরা এ ব্যাপারে নিশ্চিত ছিলাম যে জঙ্গীরা সেখানে লুকিয়ে আছে।
দুই গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানায়, হামলার মূল লক্ষ্য ছিল জঙ্গীদের আটটি আস্তানা।
উল্লেখ্য, গত সপ্তাহে করাচি বিমান বন্দরে জঙ্গীদের হামলায় ১০ হামলাকারীসহ ৩৬ জন নিহত হন। এ ঘটনার পর উজবেক জঙ্গী ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান দুটি নিষিদ্ধ সংগঠনই হামলার দায় স্বীকার করে।
তেহরিক-ই-তালেবান জানায়, তারা একসাথে বিমান বন্দরে এ হামলা চালিয়েছে।
এ ঘটনার পর দেশটির সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো জঙ্গীদের আস্তানায় বিমান হামলা চালায়। এর আগে গত বুধবার খাইবারের তিহার ভ্যালিতে প্রথমবারের হামলায় ১৫ জঙ্গী নিহত হন।