বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: হত্যা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত আসামি ও কুখ্যাত ডাকাত সর্দার লুৎফর (৩৫) ও তার সহযোগী মাসুম (৩২) কে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। লুৎফরকে গাজীপুর জেলার শ্রীপুর থানার সাটিয়া বাড়ি গ্রাম থেকে ও মাসুমকে জয়দেবপুর থানার নাওজুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত লুৎফর ঘাসির পাড়া গ্রামের মকবুল হোসের পুত্র ও মাসুম শহরের নামা পাড়া গ্রামের আক্কাছ আলীর পুত্র।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক সহিজল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল শনিবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশের সহায়তায় সাটিয়া বাড়ি গ্রামের একটি বাসায় হানা দেয় এবং ডাকাত সর্দার লুৎফরকে গ্রেপ্তার করা হয়। ওই বাসায় লুৎফর ভাড়াটে হিসেবে থাকতেন। অপরদিকে লুৎফরের সহযোগী মাসুমকে জয়দেবপুর থানার নাওজুর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মোস্তাছিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত লুৎফর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি ডাকাতি ও খুনের মামলা রয়েছে।
লুৎফরের সহযোগী মাসুম ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে রয়েছে।