সিসিনিউজ: আখাউড়া ও আগরতলা রেললাইন নির্মাণ কাজের অগ্রগতি দেখতে বাংলাদেশ রেলওয়ের সাত সদস্যের একটি দল দু’দিনের সরকারি সফরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গেছেন। সোমবার বিকেলে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. হামজাদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলায় পৌঁছান।
প্রতিনিধি দলটি দুপুরে ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় যায়। পরে সড়ক পথে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে স্থলবন্দরে যান। দলটি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থান করবেন। দু’দিনের এক সরকারি সফরে ওই দলটি আখাউড়া ও আগরতলা রেললাইন নির্মাণ বিষয়ে সেখানকার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন ও কাজের অগ্রগতি সম্বন্ধে জানবেন।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্তি মহাপরিচালক (অবকাঠামো) মো. হামজাদ হোসেন জানান, আখাউড়া ও আগরতলা রেললাইন নির্মাণ বিষয়ে সিদ্ধান্তের জন্য এ সফর। দু’দিনের সফরকালে রেললাইন নির্মাণে অবকাঠামোগত দিক সম্পর্কে খোঁজ নেওয়া হবে।
সূএ জানায়, আখাউড়া ও আগরতলা রেললাইন নির্মাণ অনেক আগেই দু’দেশের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতের অংশে পাঁচ কিলোমিটার ও বাংলাদেশ অংশে আখাউড়ার মোগড়া হয়ে রেলওয়ে জংশন পর্যন্ত ১০ কিলোমিটার রেললাইন নির্মাণ হওয়া কথা রয়েছে।