সিসিনিউজ: একেই বলে ফুটবল প্রেম! এ প্রেমের কারণে পিছিয়ে গেছে ব্রিকস (ইজওঈঝ) শীর্ষ সম্মেলন। ব্রিকস হলো চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের জোট। এ সম্মেলন হওয়ার কথা মার্চে- ব্রাজিলের সমুদ্র-তীরবর্তী নগরী ফোরতালেজা’য়। কিন্তু চীনের ফুটবলপ্রেমী প্রেসিডেন্ট সি চিনফিং অনুরোধ করেন সম্মেলনের সময় পিছিয়ে দিতে, যাতে তিনি ১৩ই জুলাই রিও ডি জেনিরো’র এসটাডিও মারাকানা’য় বিশ্বকাপের ফাইনাল দেখে যোগ দিতে পারেন সম্মেলনে। ব্রিকস তার কথা রেখেছে। নতুন সময় নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ১৭ই জুলাই। তার ইচ্ছা পূরণ করতেই মূলত সম্মেলনের দিন-ক্ষণ পেছানো হলো। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিনফিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকব জুমার সঙ্গে ব্রিকস সম্মেলনের আগে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ও। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের এই আমন্ত্রণ মোদি রক্ষা করতে পারবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করে জানায় নি ভারত। এর মধ্যে অবশ্য বিশ্বকাপ উপলক্ষে মোদি উদ্বোধন করেছেন স্মারক ডাকটিকিট। বলা বাহুল্য এ সম্মেলনের বিশেষ গুরুত্ব রয়েছে ব্রাজিলের কাছে। দেশের বিপর্যস্ত অর্থনীতিতে বিশ্বকাপ প্রাণ সঞ্চার করতে পারে সে আশা করছেন প্রেসিডেন্ট দিলমা। তার আশা পূরণে এগিয়ে আসতে পারেন জোটের মিত্ররা। কাজেই ফুটবল নিয়ে তাই শুধু বিশ্বকাপ নয়, বিশ্ব কূটনীতিও পিছিয়ে নেই উদ্যোগ-আয়োজনে।