ঢাকা: পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ বছরে অনুষ্ঠিত বেশির ভাগ পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে এ সরকার স্বচ্ছতা দেখাতে পারেনি। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আমরা এ ঘটনার তীব্র পতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
তারা আরো বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ফলে মেধাবী ছাত্র-ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রশ্ন ফাঁস করে একটি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু বর্তমান সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
বক্তরা আরো বলেন, ‘দেশের প্রায় ৬৫ হাজার কিন্ডারগার্টেনে প্রায় সাত লাখ শিক্ষক-শিক্ষিকাকে কোনো রকম প্রশিক্ষণ না দিয়ে সৃজনশীল পদ্ধতি চালু করেছে, যা শিক্ষা ক্ষেত্রে বিরূপতা দেখা দিতে পারে।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মো. খায়রুল কবির খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উপদেষ্টা আকবর হোসেন নান্টু, সংগঠনের মহাসচিব এমএ তুহিন প্রমুখ।