দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব আন্তঃ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৪-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান। অনুষ্টানে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমজিএম সারোওয়ার হোসেন। এ সময় সদর উপজেলা সিনিয়র সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল করিম, উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সেলিম আখতার চৌধুরী, প্রধান শিক্ষক খন্দকার ফারহানা আফরোজ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফসহ সদর উপজেলা ও পৌরসভা পর্যায়ের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দিনাজপুর সদর উপজেলার ১০টি ও পৌরসভার ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলাধুলা কোমলমতি শিশুদের মস্তিস্ক বিকাশের অন্যতম শিক্ষা উপকরণ। তাই বর্তমান আওয়ামী সরকার বিষয়টি চিন্তা রেখে বঙ্গবন্ধুর আদর্শকে তাদের মাঝে তুলে ধরতেই সারা দেশব্যাপী এই টুর্ণামেন্ট’র আয়োজন করেছে।
বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আব্দুর রউফ মন্ডল ভাম্যমান আদালতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গাঁজা সেবন ও গাঁজাসহ আব্দুল আওয়াল (৩০) নামে এক যুবককে দুই বছরের কারাদন্ড প্রদান করেছেন। আব্দুল আওয়াল বোচাগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোড এলাকার মৃত আকরামুল ইসলাম’র ছেলে।
রোববার বিকেলে বোচাগঞ্জ থানা পুলিশ গাঁজা সেবন অবস্থায় উক্ত যুবক আওয়ালকে হাতে নাতে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট’র নিকট হাজির করা হলে উল্লেখিত সাজা প্রদান করা হয়।
দিনাজপুরে মানববন্ধনে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান
ঢাকার মীরপুরের কালসি বিহারী ক্যাম্পে আওয়ামী দূর্বৃত্তদের হামলা ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে গতকাল রোববার দিনাজপুরে মানববন্ধন পালিত হয়েছে। দিনাজপুর জেলা জাগপার আয়োজনে শহরের বাহাদুর বাজার মোড়ে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৯ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। মানববন্ধন চলাকালে শফিউল আলম প্রধান বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাতেই মীরপুরের কালশী বিহারী ক্যাম্পে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ খুনের দায় সরকারকে নিতে হবে। এর দায়ে হাসিনাকে অবশ্যই একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। কৃতদাস সরকার যাই ভাবুক না কেন জালিম শাহীর দিন ফুরিয়ে আসছে। খুন, গুম, অপহরণ, জেল-ফাঁসি দিয়ে স্বাধীনতাকামী জনগণকে দাবিয়ে রাখা যাবে না।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাগপা সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খোকন, যুগ্ম সম্পাদক ইশতিয়াকুল আলম, যুব জাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ ফরিদ উদ্দীন, জেলা যুব জাগপার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রূপম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী বুলেট, সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রাসেল, জেলা জাগপা নেতা রেজাউল ইসলাম রেজা, জাগপা নেতা হোসেন আলী, মাজেদুর রহমান, মহিলা জাগপা নেত্রী শাহিনুর বেগমসহ অন্যান্য নেতাকর্মী।
শফিউল আলম প্রধান দিনাজপুরের মানুষকে সাহসী সংগ্রামের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি দিল্লির গোলামী করার জন্য নয়। স্বাধীনতা সংগ্রামে রাজারবাগ পুলিশবাহিনীর গৌরবোজ্জল সংগ্রামের উল্লেখ করে তিনি বলেন, নিজ দেশের ভাই ও সন্তানদের বুকে গুলি চালাবেন না। মনে রাখবেন, আপনারা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী। জালিম শাহীর লাঠিয়াল বাহিনী নন। তিনি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীসহ সকল রাজনৈতিক বন্দি মুক্তির দাবী করেন।