সিসিনিউজ: সৈয়দপুরে স্বাধীনতার দীর্ঘ ৪৩ বছর পর শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার সকালে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ ফলক স্থাপন করা হয়। শহরের শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কে (বিমানবন্দর রোড) জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ওই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ ফলক স্থাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে ওই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ একাংশ) আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আলহাজ মো. শওকত চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। শহীদ স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ মো. বখতীয়ার কবির আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন শহীদ স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক শহীদ পরিবারের সন্তান অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন। এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মো. আফছার হোসেন মিঞা, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক সরকার, শহীদ পরিবারের সন্তান যথাক্রমে তপন কুমার দাস কাল্টু, মহসিনুল হক মহসিন এবং সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।
এছাড়াও আলোচনা অনুষ্ঠানের মঞ্চে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন সরকার, সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আব্বাস আলী সরকার ও সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল এবং সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।