যশোর : যশোরে এক মাদরাসার অধ্যক্ষকে দুর্নীতির অভিযোগে ১০ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আমিনুর রহমান শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ এবং একই উপজেলার রহমতপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
সোমবার বিকেলে বিশেষ জজ আদালতের বিচারক জোয়ার্দ্দার মোহাম্মদ আমিরুল ইসলাম এ সাজা দেন। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি সিরাজুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯৮ সালের এপ্রিল পর্যন্ত আমিনুর রহমান ওই মাদরাসায় অধ্যক্ষ থাকাকালীন সময়ে আট জন শিক্ষক ও কর্মচারীর স্বাক্ষর জাল করে বেতন বাবদ ৩১ হাজার ৯৯৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
তৎকালীন জেলা দুর্নীতি দমন ব্যুরো এ অভিযোগের সত্যতা পায়। পরে ব্যুরোর সহকারী পরিদর্শক এসএমএ লতিফ ২০০১ সালের ১৬ জুলাই শার্শা থানায় মামলা করেন। এ মামলার রায়ে বিচারক আসামি আমিনুরকে ১০ মাসের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।