লালমনিরহাট প্রতিনিধি: পাওনা টাকা আনতে গিয়ে ঘাতকের ছুরিকাঘাতে দুলাল মিয়া (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ।
নিহত দুলাল মিয়া ওই উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সরবেশ আলীর ছেলে ও তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দুলাল ওই ইউনিয়নের রাজবাড়ি গ্রামের নুরুল মিয়ার ছেলে হেলালের কাছে পাওনা টাকা চাইতে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে হেলাল ও তার সহযোগীরা দুলালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় স্থানীয়রা এ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় দুলাল মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানান একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।