লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাচীর ভেঙ্গে এক দল দুর্বৃত্তরা মাঠ দখল করে বসত বাড়ি নির্মাণ করেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাংবাদিকদের জানায়, বিদ্যালয়ের নব-নির্মিত প্রাচীর গত রোববার বিকালে ভেঙ্গে ফেলে হবিবর রহমানের পুত্র লতিফ, খালেক ও মালেকের সহযোগিতায় একদল দুর্বৃত্ত। পরে তারা বিদ্যালয়ের মাঠ দখল করে বসত বাড়িও নিমার্ণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আমি গেলে আমাকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। পরে আমি বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করি।
তবে হাবিবর রহমানের পুত্র আঃ লতিফের দাবী, তারা তাদের স্বনামীয় জমিতে বসত বাড়ি তৈরী করেছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি মজিবুল আলম সাদাত জানান, একটি মহল অবৈধ ভাবে বিদ্যালয়ের মাঠ দখল করেছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।
হাতীবান্ধা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ শাহান জানান, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিদ্যালয়ের মাঠ দখল করে বসত-বাড়ি নির্মাণের বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।