সুনামগঞ্জ: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ডিগ্রি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের ফটোকপিসহ একজনকে আটক এবং নকল করার দায়ে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ইংরেজী বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত কুমার পাল প্রশ্নপত্র ফাঁসের দায়ে হুমায়ুন কবির (২৮) নামে ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃত হুমায়ুন কবির জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের আব্দুল হেকিমের ছেলে। এছাড়া পরীক্ষায় নকল করার দায়ে ১৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খাঁন বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।