ঢাকা: রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ভেঙেপড়া পরিচালনা পর্ষদ পুনর্গঠনের লক্ষ্যে সম্ভাব্য চেয়ারম্যানের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংটির নতুন চেয়ারম্যানের সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন কৃষি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন মজিদ, সাবেক ব্যাংকার ড. খোন্দকার ইব্রাহিম খালেদ, মোহাম্মদ হোসেন, আনোয়ার হোসেনসহ আরো কয়েকজন।
অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামীকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর পদত্যাগ এবং পরিচালনা পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এ লক্ষ্যে নতুন চেয়ারম্যানের নামের তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত হয়ে এদের মধ্যে একজনকে নিয়োগ দেয়া হতে পারে।
এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন, একটি ব্যাংকের সাবেক এমডি ও চেয়ারম্যানকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান করা হবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ব্যাংকটির ঋণ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৯ মে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থমন্ত্রীকে পত্র দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, গতকাল শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পদত্যাগপত্র জমা দেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। গত ২৫ মে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে অপসারণ করা হয়। শনিবার সকালে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি বেসিক ব্যাংকের অনিয়ম নিয়ে বেশ সরব হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. খোন্দকার ইব্রাহিম খালেদা। তিনি বলেছিলেন, বেসিক ব্যাংকে যা হয়েছে, তা ব্যাংক ডাকাতি। এ ব্যাংকের অনিয়মের জন্য ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বরখাস্ত করেছে। কিন্তু ব্যাংকের চেয়ারম্যানকে এখনও ধরা হচ্ছে না।
এছাড়া শেয়ারবাজারে কারসাজি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে ইব্রাহিম খালেদের প্রতিবেদন বেশ কিছু রাঘব বোয়ালের নাম উঠে আসে। অর্থমন্ত্রী সেইসব অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেও পরে উল্টো পথে হাঁটেন।