ফেনী: জেলার ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যার ঘটনায় যুবলীগকর্মী মো. মাসুদকে (২৫) গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় শহরের কলেজ রোডস্থ শহীদ হোসেন উদ্দিন বিপণী বিতানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার যে কোনো সময় তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
মাসুদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী গ্রামের আবু আহম্মদের ছেলে। তিনি ফেনী পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারের সহযোগী।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে স্বদলীয় কর্মীরা। এঘটনায় পুলিশ ২৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।