খুলনা: জেলায় রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকল হোল্ডিং কোম্পানিতে রূপান্তরিত করার প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে পাটকল শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে এ অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজেএমসির খুলনার পাটকলগুলোর স্ব-স্ব কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধের পর বক্তারা বলেন, ‘শিল্পবান্ধব সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত হাজার হাজার শ্রমিক ও শ্রমিক পরিবারদের রুটি-রুজিতে আঘাত করেছে। বাদ নেই কর্মচারী কর্মকর্তারাও। শ্রমিকদের জীবন নিয়ে চাটুকারদের এ খেলা অবিলম্বে বন্ধ করে খুলনা যশোরাঞ্চলের পাটকল শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান নেতারা।
শ্রমিক নেতারা আরও বলেন, ‘বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি ও রাষ্ট্রয়াত্ব পাটকলগুলিকে সাবসিডারি কোম্পানিতে রূপান্তরিত করার ষড়যন্ত্র বন্ধ করাসহ ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে এ আঞ্চলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা।’
বাংলাদেশ জুট মিল কর্পোরেশন-বিজেএমসি খুলনা জোনাল কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা জানান, বিজেএমসিকে কোম্পানিতে রূপান্তর করলে অনেক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক চাকরি হারাবেন।
খুলনাঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু রয়েছে, ক্রিসেন্ট জুট মিলস, স্টার জুট মিলস্, খালিশপুর জুট মিলস্, দৌলতপুর জুট মিলস্, আলিম জুট মিল, জেজেআই (যশোর জুট ইন্ডাস্ট্রি) কার্পেটিং জুট মিল, ইস্টার্ন জুট মিলস্ ও প্লাটিনাম। এই জুট মিলগুলোতে প্রায় ৫০ হাজার শ্রমিক কর্মরত আছেন।