সিসিনিউজ: জেলা প্রশাসকদের নির্ভয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আলোকিত বাংলাদেশ গড়তে ডিসিদের সহযোগিতা চাইলেন তিনি। আজ সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন-১৪ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা তাদের মেধা, শ্রম, দক্ষতা ও অভিজ্ঞতার সঠিক প্রয়োগ ঘটাবেন। কেবল সরকারি কর্মচারী হিসাবে নয়, কাজ করবে দেশপ্রেমিক হিসাবে। জনকল্যাণে আত্মনিয়োগ করবেন এবং সহকর্মীদের উদ্বুদ্ধ করবেন। সকল ভয়-ভীতি ও প্রলোভনের উর্ধ্বে থেকে আইনানুগ দায়িত্ব পালন করতে জেলা প্রশাসকদের আহ্বান জানান তিনি। এর আগে সকাল ১০টার মধ্যেই জেলাপ্রশাসকরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন সমবেত হন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনাররাও উপস্থিত ছিলেন।