ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন কচুক্ষেতে এলাকায় মাজেদা (১৬) নামে এক শিশুকে ধর্ষণ চেষ্টায় হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত কিশোরীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইতনা থানায়। তার বাবার নাম জামাল উদ্দিন। বর্তমানে সে ১০৮৫ হাবিউল্লা রোড, কচুক্ষেত এলাকায় থাকতো।
এ ব্যাপারে নিহতের বড় ভাই কবির হোসেন জানান, আমার বোন সপ্তম শ্রেণীর ছাত্রী। আমার মা বিভিন্ন বাসায় বুয়ার কাজ করেন। তিনি বুধবার দুপুরে বাসায় ছিলেন না। এ সুযোগে পাশের বাড়ির মুজিবুর (২০) আমার বোন মাজেদাকে ধরে ঘরে নিয়ে দরজা আটকে দেয়।
তিনি বলেন, এ সময় চিৎকার শুনে আমরা ছুঁটে গিয়ে ঘরের দরজা ভেঙে আমার বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আর ওই ঘরে মুজিবুরকেও পাই। ঘরের সব আসবাবপত্র ছড়ানো ছিটানো ছিলো। আর মুজিবুরের হাতে একটা ছুরি ছিলো।
আমার বোন মাজেদাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, মূলত অসামাজিক কাজ করতেই ওই যুবক নিহত শিশুকে নিয়ে ঘরে প্রবেশ করে। এতে ওই শিশু বাঁধা দিলে এক পর্যায়ে সে অচেতন হয়ে যায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শিশু মাজেদা ধর্ষণের শিকার কিনা তা বের করতে ময়না তদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ ঘটনায় অভিযুক্ত যুবক পুলিশের কাছে আটক আছে বলেও তিনি জানান।