সিনিউজ: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অগ্রগতির ক্ষেত্রে ছয়টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে কিনা তা যাচাই করার জন্য সুপারভাইজারদের নজরদারি নিশ্চিত করা, সুপারভাইজাররা কাজ সঠিক ভাবে করছে কিনা তা রেজিস্ট্রেশন অফিসারের মনিটরিং করা, আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণ করা, কমিশন থেকে মাঠ পর্যায়ে সরজমিন প্রদর্শন করে কার্যক্রম পরীক্ষণ করা, জোরালো প্রচার-প্রচারণা, হালনাগাদ কার্যক্রম যথাযথ হচ্ছে কিনা তা দেখার জন্য নিরপেক্ষ সংস্থার মাধ্যমে অডিট করা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ভোটার হাল নাগাদ কার্যক্রমের অগ্রগতির বৈঠকে এ ছয়টি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সভাপতিত্বে চার কমিশনার ও ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। ভোটার হাল নাগাদ কার্যক্রম সফল করতে ছয়টি বিষয়ের ওপর তাগিদ দিয়েছে কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন- যারা ভোটার হওয়ার যোগ্য তাদের শতভাগ ভোটার করা নিশ্চিত করতে চায় কমিশন। এ জন্য কমিশন থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। গত ১৫ই মে থেকে শুরু হওয়া ভোটার হালনাগাদ কার্যক্রমের ১৪৪টি উপজেলার হালনাগাদের কাজ শেষ হয়েছে। ১৪৪টি উপজেলার হালনাগাদ ভোটার বৃদ্ধি পেয়েছে ১০,৩২,৩৯৭ জন। ভোটার বৃদ্ধির হার ৪.৭৯%। এর মধ্যে পুরুষ ৫,৮৭,৩৫১ জন (২.৭২%) এবং মহিলা ৪,৪৫,০৪৬ জন (২.০৬%)। ১৪৪টি উপজেলায় মোট ভোটার ২,১৫,৪৮,০০৩ জন। নিবন্ধন সম্পূর্ণ উপজেলাসমূহের মধ্যে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৬.৮৮% এবং সর্বনিম্ন নিবন্ধন হয়েছে বাগেরহাট সদর উপজেলায় ৩.৩২%। প্রথম পর্যায়ে ১৮১টি উপজেলার মধ্যে ৩৭টি উপজেলার নিবন্ধন কাজ শেষ হবে ১৫ই জুলাই ২০১৪।ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ে ২১৩টি উপজেলায় নিবন্ধনের কাজ চলছে। এসব উপজেলায় ১৫-২৫শে জুন ২০১৪ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। নিবন্ধন কেন্দ্রে নিবন্ধনের কাজ চলছে। তৃতীয় পর্যায়ে ঢাকা মহানগরীসহ ১২০টি উপজেলার তথ্য সংগ্রহের কাজ চলবে ১লা থেকে ১০ই সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত এবং নিবন্ধন চলবে ১৮ই সেপ্টেম্বর-১৫ নভেম্বর ২০১৪ পর্যন্ত। ২০১৫ সালের ১লা জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি তাদেরকে ভোটার করার লক্ষ্য নিয়ে ১৫ই মে ২০১৪ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়। সারা দেশে বিদ্যমান ভোটারের ৫% বৃদ্ধি ধরে প্রাক্কলিত ৪৬,০০,০০০ ভোটার বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়েছে। মোট তিন ধাপে ৫১৪টি উপজেলা/থানায় হালনাগাদ কার্যক্রম চলছে।