সিসিনিউজ: ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলায় শনিবার পৃথক ঘটনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
এ সময় তাদের কাছ থেকে ছয়টি বোমা, দুইটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু গুলি উদ্ধার করেছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের গুলিতে নিহতরা হলেন- কোর্টচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসলাম উদ্দিন মন্ডলের ছেলে আবদুর রশিদ (৩০) ও ঘোমরা ডাঙা গ্রামের হযরত আলী (৪২)।
হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল বারি দাবি করেন, শনিবার ভোরে হরিনাকুণ্ডু উপজেলার রিশখালী আমতলা নামক স্থানে সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে বলে খবর পায় পুলিশ। এরপর সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। এ সময় পুলিশও সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে হযরত আলী (৪২) নিহত হন। সেখান থেকে ছয়টি বোমা, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে কোর্টচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে কোর্টচাঁদপুর উপজেলার দোরা গ্রামের মাঠে সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিল। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। এসময় পুলিশও তাদের ওপর পাল্টা গুলি চালায়। এতে আবদুর রশিদ নামক এক সন্ত্রাসী মারা যান।
পুলিশ জানায়, নিহতরা হত্যা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।