সিসিনিউজ: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী শিল্প নগরীর ইসলামনগর এলাকা থেকে মারিয়া আক্তার(১০)নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে পুলিশ মারিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মারিয়া আক্তার কোনাবাড়ী ইসলামনগর এলাকার আক্তারুজ্জামানের মেয়ে এবং শাহীন ক্যাডেট একাডেমির কোনাবাড়ী শাখার চতুর্থ শ্রেণির ছাত্রী। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ঐ ফ্লাটের ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো ঐ ভবনের সিকিউরিটি গার্ড সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আবদুল হালিম (৪৩), ফরিদপুরের মমিন খাঁরহাট এলাকার সুমন শেখ (২০) এবং রাজবাড়ীর পাংশা এলাকার মিলন (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাকির হোসেন আমাদের প্রতিনিধিকে জানান, কোনাবাড়ীর ইসলামনগর এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় আক্তারুজ্জামান সপরিবারে থাকেন। বাড়ির পাশের শাহীন ক্যাডেট একাডেমিতে লেখাপড়া করত মারিয়া।
গত সোমবার বিকালে স্কুল ছুটির পর থেকে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
তিনি জানান, এ ব্যাপারে তদন্তকালে জানা যায় পাশের ফ্ল্যাটের একটি মেয়ে মারিয়াকে বাড়িতে প্রবেশ করতে দেখেছে। এরই সূত্র ধরেঐ ভবন প্রতিটি ফ্ল্যাট তল্লাশি করা হয়। তল্লাশিকালে ভবনের নিচতলার জেনারেটর রুম থেকে মারিয়ার লাশ উদ্ধার করা হয়।মারিয়াকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তার ধারণা। এবিষয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।এদিকে আতঙ্কসহ শাহীন ক্যাডেট একাডেমিতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসি সুষ্ট তদন্তের মাধ্যমে দোসিদের ফাসিঁ দাবি করছে।