আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ছাড়তে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে ইসরাইল। শহরটির পূর্ব ও উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে বুধবার সকালে এক সতর্কতা জারি করা হয়।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর রেকর্ড করা টেলিফোন বার্তায় গাজার এক লাখের মতো বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে যেতে সতর্ক করা হয়।
ইসরায়েল ও হামাসের মধ্যে মিসরের অস্ত্রবিরতির উদ্যোগ কোন কাজে না আসায় পুনরায় গাজায় বিমান হামলা চালিয়ে যাওয়ার এ ঘোষণা দেয় ইসরায়েল।
এদিকে বুধবার সকালে পশ্চিম গাজায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ আল-জাহার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে মাহমুদ সে সময়ে বাড়িতে ছিলেন না।
প্রসঙ্গত, বিনা উস্কানিতে দখলদার ইসরাইলি বাহিনী নয় দিন ধরে গাজা শহরে চালায় মানবতা বিবর্জিত হামলা। তাদের বিমান হামলায় কমপক্ষে দুই শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর হামাসের পাল্টা রকেট হামলায় এ পর্যন্ত একজন ইসরায়েলির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইলের এমন হিং¯্রতার জবাবে বিশ্বব্যাপী নিন্দা ও বিক্ষোভের ঝড় চলছে। তাতে কোন ভ্রুক্ষেপই করছে না ইসরাইল। সূত্র : বিবিসি, আল-জাজিরা