হিলি প্রতিনিধি: হিলিতে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় যৌনউত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। সোমবার সকারে হিলি সীমান্তের চেংগ্রাম মাঠ এলাকা থেকে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব ট্যাবলেট উদ্ধার করে।
বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান, ভারতীয় ট্যাবলেট নিয়ে একদল চোরাকারবারী সীমান্ত অতিক্রম করছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সকালে সীমান্তের চেংগ্রাম এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯ হাজার ৫শ পিস ভায়াগ্রা, ৭৮ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট এবং ৮০ হাজার পিস ব্যথানাশক প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত এসব ট্যাবলেটের মূল্য আনুমানিক ৯০ লাখ ১০ হাজার টাকা। উদ্ধার হওয়া এসব ট্যাবলেট হিলি শুল্কগুদামে জমা দেয়া হয়েছে।