সিসিনিউজ: সুজন হত্যা মামলায় এসআই জাহিদ ও সোর্স নাসিমকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। দুইজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন অাদালত।
বুধবার বিকেল পৌনে ৩টায় ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে এসআই জাহিদ ও সোর্স নাসিমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বড়ুয়া দুইজনের দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আদালত দুইজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে মামলার বাকি আসামিদের অতি দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
এর আগে এসআই জাহিদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম দফায় রিমান্ডে আসামি জাহিদের পাশাপাশি সোর্স নাসিমও এ মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা জাহিদ ও নাসিমকে আলাদা করে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছেন।
এ ছাড়া, একসঙ্গে করেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসআই জাহিদের মতো সোর্স নাসিমও ওসি সালাউদ্দিনের জড়িত থাকার কথা বলেছেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই ভোররাতে মিরপুর থানায় পুলিশের নির্যাতনে ঝুট ব্যবসায়ী সুজন মারা যান। এ ঘটনায় পুলিশের একটি তদন্ত কমিটি হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর একই থানার এসআই রাকিবুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এসআই জাহিদসহ আটজনকে আসামি করা হয়।
দুজনকে ধরতে পারলেও বাকি ছয় আসামি পালিয়ে যায়। আদালত তাদের প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী লুসি বাদী হয়ে দায়রা জজ আদালতে আরো একটি মামলা দায়ের করেন। সেটি এখন বিচার বিভাগীয় তদন্তে রয়েছে।
রাইজিংবিডি