লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ হোসেন(২৫) কে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে তাকে উপজেলার রহমানপুর(মেছিরপাড়) এলাকার নিজবাড়ী থেকে পুলিশ গ্রেফতার করেছে।
মারুফ হোসেন পাটগ্রাম উপজেলার রহমানপুর (মেছিরপাড়) এলাকার মুক্তিযোদ্ধা তবিবুর রহমানের ছেলে বলে জানাগেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ‘একই এলাকার চাতাল ব্যবসায়ী জাহাবুল ইসলামকে(৩৫) ২০১৩ সালের ২৫ ডিসেম্বর মোবাইল ফোনে ডেকে অপহরণ করে মারুফ হোসেনসহ কয়েকজন। ২৭ ডিসেম্বর জাহাবুল ইসলামের স্ত্রী আমিনা খাতুন পাটগ্রাম থানায় একটি মামলা করেন। ওই মামলায় দীর্ঘদিন থেকে পাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ হোসেন এবং মারুফের বন্ধু একই উপজেলার জগতবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব হোসেনও পলাতক ছিলেন। বুধবার দিবগত রাত ৩টার দিকে পুলিশ গোপন সংবাদ পেয়ে মারুফকে গ্রেফতার করে পুলিশ।’
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মারুফ হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। চাতাল ব্যবসায়ী জাহাবুল ইসলাম গুম ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হবে।’
এদিকে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি আখতারুল ইসলাম সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, একই মামলায় পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর রাসেল বর্তমানে জামিনে রয়েছে। প্রতিবেশী আসামী এসরাউল হক ভূট্টু লালমনিরহাট জেলহাজতে এবং একই উপজেলার জগতবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক পলাতক রয়েছে।