বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের একজন আবাসিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ অফিসের ইলেক্ট্রিশিয়ান।
লিখিত অভিযোগে জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সংযোগ চালিয়ে আসছে। পরবর্তীতে লোড বৃদ্ধির জন্য আরেকটি ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয়। লোড বৃদ্ধির জন্য পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত দালাল ইলেক্ট্রিশিয়ান মো. রনজু মিয়া জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী ইকবাল হাসানকে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। ঘুষের টাকা না দেওয়ায় বুধবার ইলেক্টিশিয়ান রনজু মিয়া নিজে খুঁটিতে উঠে আনোয়ার হোসেনের আবাসিক লাইনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় গ্রাহক আনোয়ার হোসেন বৃহস্পতিবার জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ছুটিতে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।