সিসি ডেস্ক: কোটিপতি ভিখারি! টাকা পয়সা, মূল্যবান সামগ্রী মিলিয়ে প্রায় ১২ লাখ সৌদি রিয়াল তিন হাজার ২০ হাজার মার্কিন ডলারের বেশি) অর্থমূল্যের সম্পত্তির মালিক তিনি। এমনই এক ভিখারিকে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ, সেদেশের বন্দর শহর ইয়ানবু থেকে।
সৌদি আরবে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ, তা সত্ত্বেও লোকটি লুকিয়ে চুরিয়ে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়ে যায়। তারপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মদিনা পুলিশের মুখপাত্র ফহাদ আল-ঘানাম।
পরে তাকে জেরা করে যেসব তথ্য বেরিয়ে আসে, তাতে চোখ কপালে উঠেছে পুলিশের। জানা গেল, সে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে, নিজের গাড়িতে বিভিন্ন শহরে যাতায়াত করে। অথচ এতদিন কিছু টেরই পায়নি পুলিশ!
তদন্তে প্রকাশ হয়ে পড়ে, তাকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য করত স্ত্রী, তিন বাচ্চা। গোটা পরিবারটাই বেআইনিভাবে সৌদি আরবে বসবাস করছিল বলে জানতে পারে পুলিশ।
ঘানাম জানিয়েছেন, কোটিপতি ভিখারী উপসাগরেরই কোনো দেশ থেকে লাইসেন্স বের করেছিল। তার জোরেই সে বিপুল অর্থ কামিয়ে নেয়।
লোকটি কোন দেশের, তা জানায়নি পুলিশ।
কী করে লোকটি আইনরক্ষকদের ফাঁকি দিয়ে কোটিপতি হয়ে উঠল, সে ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
সূত্র: সৌদি গেজেট।