খেলাধুলা ডেস্ক: ভারতীয় টেনিসের আইকন সানিয়া মির্জাকে নিয়ে দেশটিতে চলছে বাহাস। এই বাহাসের সৃষ্টি কট্টরপন্থী এক বিজেপি নেতার ‘সৌজন্যে।
সম্প্রতি তেলেঙ্গনা সরকারের পক্ষ থেকে সানিয়াকে প্রদেশ-দূত করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তেই নাখোশ বিজেপি নেতা কে. লক্ষণ। সানিয়াকে তিনি পাকিস্তানি পুত্র-বধু বলে কঠাক্ষও করেছেন। সানিয়া মির্জা মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। পরে হায়দ্রাবাদে বসবাস শুরু করেন। বিয়ে করেন পাকিস্তানি খেলোয়াড় শোয়েব মালিককে।
সানিয়াকে ‘অ-স্থানীয়’ সম্বোধন করে মিঃ লক্ষণ বলেন, ‘এখন পর্যন্ত সে এই এলাকার কোনো সামাজিক কাজে অংশ নেয়নি। উপরুন্ত পাকিস্তানের পুত্রবধু। তাকে কীভাবে এই দায়িত্ব দেয়া হল!’ বিস্ময় প্রকাশ করেন লক্ষণ।
লক্ষণের এমন কথা শুনে চুপ করে থাকেননি কোর্টের রাণী। বলেছেন, ‘আমি ভারতীয়। সব সময়ই একজন ভারতীয়। এ জন্য আমি গর্ব করি।’
লক্ষণ সরকারেরও সমালোচনা করে বলেছেন, সংখ্যালঘুদের ভোট নিজেদের বাক্সে পুরতে এটা তাদের একটা চাল।
এদিকে প্রদেশটির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তেলেঙ্গনা সানিয়ার জন্য গর্বিত। সে এখন পাঁচ নম্বর আন্তর্জাতিক খেলোয়াড়। আমরা আশা করি সে একদিন এক নম্বর হবে।’