চট্টগ্রাম : ফেসবুকে কাবা শরীফের ছবি অবমাননা করায় সংখ্যালঘু যুবকের বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শুক্রবার ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সুজন নামের ওই যুবকের মা-বাবা ও দুই ভাবীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, সুজনের মা কল্পনা, বাবা সত্য রঞ্জন, ভাবী প্রিয়াংকা দেব ও সিমা দেব।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বৃন্দাবন পাড়ার সত্য রঞ্জনের ছেলে সুজন দেব ২৪ জুলাই রাতে তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফের উপর নগ্ন নারীর ছবি লাগিয়ে বিভিন্ন আইডিতে প্রচার করে। বিষয়টি লোকজন জানার পর এটি মুছে ফেলার অনুরোধ জানান। কিন্তু সুজন তা উপেক্ষা করেন। পরে ক্ষুদ্ধ লোকজন বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে দেয়। এতে বিক্ষুদ্ধ মুসলিম ধর্মাবলম্বীরা লাঠিসোটা নিয়ে সুজনের বাড়িতে হামলা চালায়।
কাঞ্চননগর ইউপির মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম বলেন, সুজনসহ ওই এলাকার কয়েকটি পরিবার ফেসবুকে এ ধরনের নগ্ন ছবি প্রচার করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়েছে ।
সুজনের চাচা চিত্ত রঞ্জন দেব বলেন, এটি সুজনের গর্হিত কাজ। এটিকে আমরা সমর্থন করি না। সে দোষী হলে তার কঠোর শাস্তি হওয়া দরকার।
কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর মোর্শেদ ফিরোজ বলেন, অতি উৎসাহী কিছু লোক এ ঘটনা ঘটিয়েছে। এ ধরনের কাজকে ইসলাম সমর্থন করে না।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন জানান, পরি্িস্থতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে তিন প্লাটুন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব মোতায়েন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। অভিযুক্ত সুজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।