ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাজ্য সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।
শনিবার গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমি মনেকরি বাংলাদশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। এর মাধ্যমে আমাদের দু’দেশের সুসম্পর্ক এক নতুন মাত্রায় উন্নীত হবে।”
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধু সদ্যপ্রয়াত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
গত ২১ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিশেষ নিমন্ত্রণে প্রথম ওয়ার্ল্ড গার্ল সামিটে অংশ নিতে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গার্ল সামিটে অংশগ্রহণ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। সেখানে অর্থনীতি, সামাজিক ও নারী উন্নয়নে অগ্রগতির বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে ‘ভূয়সী প্রশংসা’করে ডেভিড ক্যামেরন বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।