মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর পৌরসভায় ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগে চাল বিতরণ বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে দরিদ্র জনগোষ্টীর মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছিল।
জেলার ১ লাখ ৮৫ হাজার ৫৮টি ভিজিএফ কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে ১ হাজার ৮৬০ দশমিক ৫৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। নিয়ম অনুযায়ী প্রতি কার্ডে ১০ কেজী করে চাল বিতরণ করার কথা থাকলেও নিয়ম ভঙ্গ করে দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ প্রতি কার্ডে ৩-৪ কেজি করে চাল বিতরণ করছিল। এ খবর দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজীর নিকট পৌঁছলে জেলা প্রশাসকের পক্ষ্যে জেলা ত্রাণ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা খুঁজে পান। পরে সাথে সাথে তিনি চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন।
এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবু’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা তো চাল নিজেরা নিচ্ছিলাম না। পৌর এলাকায় দরিদ্র মানুষের সংখ্যা বেশী হওয়ায় পৌর কর্তৃপক্ষ একটি কার্ডকে ভাগ করে সেই চাল ৩ জনের মধ্যে বিতরণ করছিলাম। কে বা কারা জেলা প্রশাসককে অভিযোগ করলে তিনি ঘটনাস্থলে পৌঁছে চাল বিতরন সাময়িক বন্ধ করে দেন। তবে দ্রুত বিষয়টি সমাধান হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, জেলার ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তা দিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে ১ লাখ ৮৫ হাজার ৫৮টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ হাজার ৮৬০ দশমিক ৫৮০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌরসভার মেয়র ও কাউন্সিলদের মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করে বরাদ্দকৃত চাল ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়।