রংপুর: রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আহত হওয়ার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শহরের শালবনের আড়িরাং কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির আয়োজনে ইফতার পার্টি ছিল।
ইফতারের আগে সন্ধ্যায় বিএনপির বিদ্রোহী অংশের নেতৃত্বে কর্মীরা কমিউনিটি সেন্টারের দিকে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪১টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোঁড়ে।
এ সময় এক পুলিশ কনস্টেবল আহত হোন। পরে ওই পুলিশ কনস্টেবলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৩০০ জনের নাম রয়েছে।