হবিগঞ্জ: জেলার লাখাইয়ে ঈদের জামাত পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শামীম মিয়া (২৫) নামে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জেলার শামীম বেগুনাই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকাল ১০টায় উপজেলার বেগুনাই গ্রামে ঈদের জামাত পড়াকে কেন্দ্র করে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ কামাল মুশাহিদের লোকজনের সঙ্গে সাবেক ইউপি মেম্বার সোয়াই মিয়ার লোকজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হয়। এতে আহত হয় আরও ১০ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চলছে।



