আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পুনে শহরের কাছে একটি গ্রামে অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৭০ মানুষ মাটিচাপা পড়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে পুনে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দুরে মালিন গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৪০টির মত বাড়ি ধ্বংসস্তুুপের নিচে চাপা পড়েছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর প্রায় ১০০ সদস্য ঘটনাস্থলে পৌঁছেছে।
দুর্যোগ মোকাবেলা বাহিনীর ইন্সপেক্টার জেনারেল সন্দীপ রাই রাঠোর জানিয়েছেন, ভারতীয় সময় সকাল পৌনে ১১টার দিকে তারা এই দুর্ঘটনার কথা জানতে পেরেছেন।
তিনি বলেন, আমরা আমাদের বাহিনীর সদস্যদের অবিলম্বে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে ঢোকার পথ দুর্গম এবং চাপা পড়া মানুষদের কাছে পৌঁছানো কঠিন হচ্ছে।
তিনি আরো বলেন, ওই এলাকায় ৯০০টি বসতবাড়ি আছে এবং দেড়শ থেকে দুইশ’র মতো লোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।
এ অবস্থায় সার্বিক ক্ষয়ক্ষতি এখনই নিরূপণ করা সম্ভব নয় বলে তিনি জানান।
সূত্র-এনডিটিভি, বিবিসি