নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ামোড় ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ লাইন থেকে অবৈধ ভাবে আবাসিক বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। তবে প্রধান শিক্ষকের দাবী সরকার দলীয় স্থানীয় কয়েকজন যুবক জোরপূর্বক বিদ্যালয় থেকে সংযোগ নিয়েছেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহন জানান, গত ১৮ জুলাই স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী বিদ্যালয়ের বিদ্যুৎ লাইন থেকে পার্শ¦বর্তী নরেন্দ্র চন্দ্র রায়ের নবনির্মিত বাড়ীতে সংযোগ প্রদান করে। এতে বাধা দিলে তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন। বিষয়টি বিদ্যুৎ অফিসে জানিয়েছেন বলে তিনি জানান।
পশ্চিম কুচিয়ামোড় ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম জানায় বিদ্যালয়ের লাইন থেকে বাড়ীতে বিদ্যুৎ সংযোগের বিষয়টি তার জানা নেই। এব্যাপারে প্রধান শিক্ষকও তাকে অবগত করেনি।
এব্যাপারে নীলফামারী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রুবেল আহমেদ জানায়, অভিযোগ পেয়ে আমি অবৈধ বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছিলাম কিন্তু বিচ্ছিন্ন করার পরপরেই এলাকার কয়েকজন যুবক আবারও সংযোগ লাগিয়েছেন বলে তিনি জানান। এলাকাবাসী জানায়, সম্প্রতি ওই এলাকার বিরোধপূর্ণ একটি জমিতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের সহযোগীতায় নরেন্দ্র চন্দ্র কয়েকটি ঘর নির্মান করেন।