রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে শনিবার রাতে যাত্রীবেশে ব্যাটারী চালিত একটি অটো ছিনতাই হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাজারহাট ব্র্যাক মোড় এলাকা থেকে ৫ জন যুবক যাত্রীবেশে মোস্তফা কামালের অটোটি ভাড়া নিয়ে উমর মজিদ ইউপি’র কৈকুড়ি মাদ্রাসা সংলগ্ন বটতলা নামক স্থানে রাত সাড়ে ৮টার দিকে পৌঁছামাত্রই ওই ৫ যাত্রী ড্রাইভার মোস্তফা কামালকে মারপিট করে সঙ্গে থাকা এক হাজার টাকা, একটি মোবাইল ফোন ও অটোটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ছিনতাই হওয়া অটো ড্রাইভারের বাড়ি কুড়িগ্রাম সদরের মুক্তারাম (ত্রিমোহনী) এলাকায় বলে জানা গেছে। পরে রাতে বিষয়টি তিনি রাজারহাট থানা পুলিশকে অবহিত করলেও গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।