নাটোর : নাটোরের নলডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার ঘটনায় আজহার আলী ফকির (৩৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান এই রায় দেন।
নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক আবু তাহের জানান, উপজেলার খাজুরা গ্রামের মধ্যপাচ্য প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী আরজিনা বেগমকে মাঝে মধ্যেই মোবাইল ফোনসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে একই গ্রামের আজহার আলী ফকির। এ ঘটনায় রোববার দুপুরে প্রবাসীর স্ত্রী নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ খাজুরা বাজার থেকে আজহারকে আটক করে।
পরে সন্ধ্যায় উপজেলা চত্বরে ইউএনও শারমিন আক্তার জাহান ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেন। আজহার খাজুরা এলাকার মৃত মেহের আলী ফকিরের ছেলে।