নারায়ণগঞ্জ: আগামী ২১ আগস্ট অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলামের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অপর দুই প্রার্থীর লোকজন।
নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির নির্বাচনী প্রতীক ‘সিংহ’। প্রতিদ্বন্দ্বি অপর দুইজনের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনের প্রতীক ‘আপেল’ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের মামাতো শ্যালক মাসুম রানার প্রতীক ‘পদ্মফুল’।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নজরুলের মৃত্যুতে এ ওয়ার্ডের আসনটি শূন্য হয়ে যায়।



