লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বামনেরবাসা বাজার থেকে মঙ্গলবার ভোরে নুরুজ্জামান আহাম্মেদ (২৮) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, নুরুজ্জামান আহাম্মেদ কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট এলাকার নুরুল ইসলামের ছেলে ও কমলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
পুলিশ সুত্রে জানাগেছে, পূর্ব বিরোধের জের ধরে গত ২৭ জুলাই রাতে নুরুজ্জামান পাশের উপজেলার গোড়ল এলাকার অনন্ত চন্দ্রের ছেলে সুনীলকে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা সুনীলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হয়ে সুনীল চন্দ্র সোমবার দুপুরে ওই ঘটনায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে থানা পুলিশ মঙ্গলবার ভোরে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বামনেরবাসা বাজার থেকে নুরুজ্জামানকে গ্রেফতার করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরের মধ্যে নুরুজ্জামানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।