ঢাকা : সারাদেশে সকল শিল্প প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম। বৃহস্পতিবার তোবা গার্মেন্টস থেকে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ বের করে দিলে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোশরেফা মিশু এ কর্মসূচির ঘোষণা দেন।
পরে মোশরেফা মীশু ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তাকুকদারকে আটক করে পুলিশ।
আটকের আগে মোশরেফা মীশু সাংবাদিকদের বলেন, আমাদের গ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। এখন থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করবো।
এ কর্মসূচি ঘোষণা দেওয়ার পর তাকে ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদারকে আটক করে পুলিশ।
এ সময় পুলিশ নিউএজ পত্রিকার ফটো সাংবাদিক আব্দুল্লাহ অপুকে লাঠিজচার্জ করে । পরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের হাতাহতির ঘটনা ঘটে।
এর আগে, দুপুর ১টার দিকে তোবা গ্রুপের শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে অন্য গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথেমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ অভিযান পরিচালনা করছে।
প্রতক্ষদর্শীরা জানান, পুলিশের সঙ্গে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা শ্রমিকদের মারধর করে।