বিনোদন ডেস্ক: বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত উজান গাঙের নাইয়া ধারাবাহিকে আনিকা ও জেসমিনের মা সালমার চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু।
তিনি বলেন, ‘বাংলাদেশের এক গ্রামের পিছিয়ে পড়া সমাজের একজন নারী সালমা। স্বামী নেই, তাই একা একা সমাজে চলতে অনেক ভয় পান সালমা। সেই ভয় থেকেই মেয়েদের বাল্যবিয়ে দেন তিনি।
এক পর্যায়ে নিজের ভুল বুঝতে পারলেও কুসংষ্কার আর পুরনো ধ্যান-ধারণাকে আঁকড়ে ধরে সেই ভুল পথই অনুসরণ করতে থাকেন তিনি। মেয়ে জামাই অন্যায় করলেও মেয়েকে তার কাছে ফিরে যেতে বলেন সালমা। মূলত সমাজের পুরনো রীতিনীতিতে বিশ্বাসী সাধারণ একজন নারী সালমা।’
শিল্পী সরকার অপু বলেন, ‘নাটক আমাদের সমাজেরই দর্পণ। উজান গাঙের নাইয়া নাটকটি মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বলেই মনে করেন তিনি। এই নাটকটি একটি মেয়ের পুরো জীবনচিত্র তুলে ধরছে এবং আমাদের করণীয়গুলো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’
বিবিসির সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘বিবিসির নাটকে কাজ করাটাও নাটকীয়। খুবই আনন্দে কেটেছে পুরো সময়।
সমকালীন নাটক প্রসঙ্গে শিল্পী সরকার বলেন, ‘প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশের নাটকের মান অনেক উন্নত হলেও এখানে আত্মিক যোগাযোগ অনেক কম।’
বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত উজান গাঙের নাইয়া নাটকটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, অর্চিতা স্পর্শিয়া, কাজী নওশাবা আহমেদ, শ্যামল মওলা, শাহেদ আলী, ইশরাত নিশাত, মোমেনা চৌধুরীসহ আরো অনেকে।
নাটকটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে প্রতি রোববার রাত ৮টা ৩০ মিনিটে এবং এটি পুনঃপ্রচারিত হয় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে।