রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তুলার গোডাউন ঘর থেকে ভয়াবহ এক অগ্নিকান্ডে প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে আসা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী হুমায়ুন কবীর (৩৫) সহ প্রায় ১০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজারহাট বাজারের তুলা ব্যবসায়ী মো. সোলায়মান আলীর তুলার গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই গোডাউন থেকে ছড়িয়ে পড়ে। এতে ৪টি গোডাউন ঘর, ৩টি কাপড়ের দোকান, ৬টি ক্রোকারিজের দোকান, ১টি ভ্যারাইটিজ ষ্টোর, ২টি মনিহারি ও একটি গদি ঘরসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল ও ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন উপজেলা সদর বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আমজাদ হোসেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সবকিছু হারিয়ে বর্তমান বাকরুদ্ধ হয়ে পড়েছে। সকাল ১০টায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান, ত্রাণ কর্মকর্তা মো. ছানাউল্লা নুরী ও সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা প্রণয়নপূর্বক অনুদান প্রদান করা হবে এবং জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। অগ্নিকান্ডের ফলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘন্টা রাজারহাট উপজেলায় বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল।