সিসিনিউজ: নীলফামারী শহরের থানা পাড়ায় কাজের মেয়েকে ধর্ষনের পর হত্যা করে ১৫ মাসের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় বুধবার ভোর রাতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বগিরগাট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আইনুল ইসলাম(১৮) ও নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ব্যাংমারী ডাংগারহাট গ্রামের মৃত. মাহাতাব উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৩২)। তবে এব্যাপারে বুধবার বিকেল তিনটা পর্যন্ত থানায় কোন মামলা নথিভুক্ত হয়নি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুইজনই হত্যার শিকার সুমি আক্তারের প্রেমিক ছিলো। তবে তারা হত্যা এবং অপহরণের ঘটনায় জড়িত কিনা তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ জাহান পাশা জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে ঘটনার পর থেকেই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে অপহৃত শিশু জোনায়েদকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে শহরের থানা পাড়া থেকে প্রাইমারী শিক্ষিকা শিরিন আক্তারের ভাড়া বাসার টয়লেট থেকে গৃহকর্মী সুমি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। সুমিকে ধর্ষন ও হত্যা করে শিক্ষিকার পালিত পুত্র ১৫ মাস বয়সি জোনায়েদকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় জুনায়েদের পালিত বাবা এনজিও কর্মী মীর্জা নুর মোহাম্মদ বেগ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মা শিরিন জাহান কর্মস্থলে ছিলেন। এ ব্যাপারে শিক্ষিকার স্বামী নুর মোহাম্মদ বেগ বাদী হয়ে থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানায় নীলফামারী সদর থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার।