মাহবুবুল হক খান, দিনাজপুর: হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানিকৃত সব ধরনের পেঁয়াজের রপ্তানি মূল্য কমিয়েছে ভারত। প্রতি মেট্রিক টন পেঁয়াজের মূল্য ৫০৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত সরকার।
শুক্রবার সকালে পেঁয়াজের রপ্তানি মূল্য কমানোর এ ঘোষণা দেয় ভারতের মূল্য নির্ধারণী সংস্থা ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মাকের্টিং ফেডারেশন অব ইন্ডিয়া (ন্যাফেড)। শনিবার থেকে পেঁয়াজের নতুন রপ্তানি মূল্য কার্যকর হবে।
হিলি স্থলবন্দরের ভারত অংশের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট খোকন সরকার জানান, শুক্রবার সকালে দিলি-থেকে হিলি কাস্টমসে পাঠানো এক ফ্যাক্স বার্তায় পেঁয়াজের রপ্তানি মূল্য কমানোর বিষয়টি জানানো হয়। শনিবার থেকে ৩০৫মার্কিন ডলার মূল্যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি কার্যকর হবে বলে জানিয়েছেন কাষ্টমস কর্মকর্তারা।
হিলি স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আহবায়ক হারুন অর রশিদ হারুন জানান, এখন আমদানিকৃত প্রতি কেজি পেঁয়াজের মূল্য পড়বে প্রকার ভেদে ২৪ টাকা থেকে ২৫ টাকা। ভারত সরকারের পেঁয়াজের রপ্তানি মূল্য কমানোর ফলে আমাদের আমদানি ব্যয় কিছুটা কমবে। যার প্রভাবে বাজারে পেঁয়াজের মূল্য কিছুটা কমতে পারে বলে তিনি জানান।