সিসি ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে গতকাল রোববার দুপুরে স্থানীয় জেলেদের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে।
জেলে ধীমান মালো জানান, মধুমতির ঝামা এলাকায় নিয়মিত জাল দিয়ে মাছ ধরেন তিনি। গতকাল বেলা পৌনে ১১টার দিকে জাল তোলার পরে জালের সঙ্গে উঠে আসে বাহারি রঙের বিরল এক মাছ। মাছটির ওজন প্রায় ৬০০ গ্রাম।
মাছটির সারা গায়ে কালো-হলুদের ডোরাকাটা দাগ। কেউ এটির নাম বলতে পারেননি। মাছটি দেখতে উৎসুক লোকজন ভিড় করছেন।
মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী বলেন, মধুমতিতে এক সময় প্রচুর মাছ ছিল। নাব্যতা কমে যাওয়ার পরও মাঝেমধ্যে বিরল প্রজাতির বড় মাছ ধরা পড়ে। এই মাছটি হয়তো সাগর থেকে পথ ভুলে চলে আসতে পারে।