সিসি নিউজ, রংপুর: অবৈধভাবে ক্যাম্পাস পরিচালনার অভিযোগে আজ সোমবার দুপুরে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির রংপুর ক্যাম্পাস সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তালুকদারের নেতৃত্বে মহানগরীর কলেজ রোডস্থ রংপুর ক্যাম্পাসে অভিযান চালায় পুলিশ।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন তালুকদার জানান, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অনুমোদন ছাড়াই রংপুরে একটি চক্র প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি অবৈধভাবে ক্যাম্পাস পরিচালনা করে আসছিলো। বিষয়টি জানিয়ে গত বছর ২ জুন ক্যাম্পাস বন্ধে কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়। কিন্তু তারা ক্যাম্পাস বন্ধ না করায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের ৪৩০৫ ধারায় রংপুর ক্যাম্পাস সিলগালা করে দেয়া হয়েছে।
এসময় বিভিন্ন মালামাল জব্দ করাসহ পুরো ক্যাম্পাসে তালা ঝুলিয়ে সিলগালা করা হয়।
পুলিশের এসআই এবি শাহ্জাহান বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অভিযানের সময় ৮টি চেয়ার, ৪ সেট সোফা, ৩টি সিলিং ফ্যান, ১টি টেবিল, ১টি হুইল চেয়ার ও ১টি র্যাকসহ ক্যাম্পাসের দরজার তালা সিলগালা করা হয়েছে।
সূত্র জানায়, গ্রেফতার এড়াতে পরিচালনা কর্তৃপক্ষ আগেই পালিয়ে গেছে। এ ঘটনার মাধ্যমে রংপুরে বেসরকারী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে বাণিজ্যিক সনদ বিক্রিতে বাঁধা দেয়া হলো বলে দাবি করেছেন নতুন ধারা আন্দোলনের সভাপতি এমএ বাশার টিপু।
তিনি দাবি করেন, অন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কথিত কেন্দ্রগুলোতেও এই অভিযান চালানো হোক।