আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট এবং ভাড়াটে খুনি জন জাইরো ভেলাসকুয়েজ পপাইকে মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি দিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ।
কুখ্যাত এই খুনীর অগ্রিম মুক্তির ঘটনায় দ্বিধা বিভক্ত দেশটির সাধারণ মানুষ। কারো কারো মতে পপাই এর মতো খুনিকে এভাবে ছেড়ে দেয়া হয়নি। আবার অনেকেই তার মুক্তির বিষয়টিকে সমর্থন করছেন। তাদের মতে লম্বা সময় জেল খাটার পর তাকে দ্বিতীয় একটা সুযোগ দেয়া উচিত।
মঙ্গলবার বোগোটার জেল থেকে কড়া প্রহরার মধ্য দিয়ে পপাইকে কারাগার থেকে নিয়ে যাওয়া হয়। তার নিরাপত্তার কথা চিন্তা করে কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদারও করা হয়। অগ্রীম মুক্তি মিললেও আপাতত পপাইয়ের কার্যক্রম এবং আচরণের ওপর চোখ রাখবে দেশটির কারা কর্তৃপক্ষ।
পপাই নামে পরিচিত এই ভাড়াটে খুনি নিজ মুখেই ৩০০ মানুষ খুনের কথা স্বীকার করেছে। এছাড়াও ১৯৮০ থেকে ৯০ সালের মধ্যে আরো তিন হাজার মানুষ খুনের সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেছিল সে।
কলম্বিয়ার সবচেয়ে বড় মাদক সম্রাট পাবলো এসকোবারের ডান হাত হিসেবে কাজ করতো সে। মাদকের অন্যতম আখড়া হিসেবে পরিচিত কলম্বিয়ার মাদক সম্রাজ্যে এসকোবারের পরেই ছিল তার স্থান।
১৯৮৯ সালে কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস কার্লোস গ্যালান হত্যার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত। বিচার কার্যক্রমে রাজসাক্ষীর ভূমিকা পালন করায় তাকে ৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়। অপর প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক বিচারপতি আলাবার্তো স্যান্তোফিমিওর নির্দেশেই গ্যালানকে হত্যা করে পপাই। এ ঘটনায় স্যান্তোফিমিওকেও দেশটির আদালত ২৪ বছরের কারাদণ্ড দেয়।