আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যদিয়ে গাজায় আপাতত শান্তি ফিরলেও শান্তিতে নেই দখলদার ইসরাইল। দখলকৃত গোলান হাইটসের একমাত্র ক্রসিংটি সিরীয় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ায় বিপাকে পড়েছে তেলআবিব।
আসাদ বাহিনীর সঙ্গে ভয়াবহ এক লড়াইয়ে বুধবার সকালে আল-কায়েদার সিরীয় শাখা আল নুসরা ফ্রন্টের সহযোগিতায় কুনেইত্রা ক্রসিংয়ের নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি।
রক্তক্ষয়ী এই সংঘর্ষে আসাদ বাহিনীর ২০ সদস্য এবং বিদ্রোহীদের চারজন নিহত হয়। এ সময় কয়েকটি মর্টারশেল ইসরাইলের দখলকৃত গোলান হাইটসে আঘাত হানলে এক সেনা কর্মকর্তা হালকা আহত হয়। জবাবে ইসরাইল আসাদ বাহিনীর অবস্থানে পাল্টা হামলা চালায়।
সিরিয়া এবং ইসরাইল দখলকৃত সিরীয় গোলন হাইটসের মধ্যে এটিই একমাত্র স্বীকৃত ক্রসিং। এটি সিরীয় বিদ্রোহীদের জন্য কৌশলগত তেমন বড় কোনো অর্জন না হলেও এর প্রতীকী গুরুত্ব রয়েছে।
বৃটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ‘আল নুসরা ফ্রন্ট এবং অন্যান্য বিদ্রোহী গ্রুপ কুনেইত্রা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। এখনো আসাদ বাহিনীর সঙ্গে আশপাশের এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে।’
ইসরাইলি সেনাবাহিনীর লে. কর্নেল পিটার লারনার এএফপি-কে জানান, ‘আল নুসরা ফ্রন্টসহ কয়েকটি বিদ্রোহী গ্রুপ সরকারি বাহিনী থেকে কুনেইত্রা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে নুসরাসহ অন্যান্য গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মির হাতে ক্রসিংয়ের নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে।’
তিনি বলেন, ‘ক্রসিং এবং ক্রসিংয়ের সঙ্গে যুক্ত সড়কসহ আশপাশের অঞ্চলকে আমরা সামরিক অঞ্চল ঘোষণা করেছি। সংঘর্ষ যাতে ইসরাইলে ছড়িয়ে না পড়ে এজন্য আমরা প্রস্তুত রয়েছি। নুসরা ফ্রন্টসহ বিদ্রোহী যোদ্ধারা আশপাশের এলাকায় অবস্থান নিলেও সেটা তেমন হুমকির কারণ হবে না।’
অবশ্য এই সেনা কর্মকর্তা জানান, ‘এসব যোদ্ধারা একাধিকবার বলেছে- সিরিয়ায় যখন আমাদের অভিযান সম্পন্ন হবে, তখন আমরা ইসরাইলের দিকে অগ্রসর হবো। এই মুহূর্তে সিরিয়ায় আমাদের হাত বাঁধা। তাই আমরাও পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছি।’
সিরিয়া নিয়ন্ত্রিত অংশে অব্যাহত সংঘর্ষের কারণে ইসরাইল দখলকৃত সিরীয় গোলান হাইটস এলাকায় সতর্কতা বাড়িয়েছে। এই সতর্কতা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে।
ফ্রি সিরিয়ান আর্মির দক্ষিণ ফ্রন্টের মুখপাত্র জেনারেল ইব্রাহিম জবাবি বলেন, স্থানীয় সমন্বয় কমিটির সহযোগিতায় বিদ্রোহীরা ক্রসিংয়ের নিয়ন্ত্রণে নিয়েছে।
পশ্চিমা সমর্থিত সিরীয় বিরোধীদের মুখপাত্র কেনান মোহাম্মেদ বলেন, বিদ্রোহীরা আসাদ বাহিনীকে কুনেইত্রা থেকে সরিয়ে দিয়েছে। তারা ইসরাইলের প্রতি কোনো হুমকির সৃষ্টি করেনি।
তিনি বলেন, ‘ইসরাইলের অভ্যন্তরে হামলা চালানোর কোনো পরিকল্পনা এখন আমাদের নেই। আমরা এখন আসাদ বাহিনী এবং চরমপন্থী ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিচ্ছি। ইসরাইলের বিষয়টি পরে বিবেচনায় আনা হবে যা অনেকটাই রাজনৈতিক।’
ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ১২শ’ বর্গ কিলোমিটার আয়তনের সিরিয়ার গোলান হাইটস অঞ্চল দখল করে নেয়। পরবর্তীতে সেখানে ইসরাইল বসতি স্থাপন করলেও আন্তর্জাতিক সম্প্রদায় এর স্বীকৃতি দেয়নি।