খেলাধুলা ডেস্ক: ডাম্বুলায় মসজিদে প্রবেশ করতে পারলেন না পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা। শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলার জন্য শুক্রবার ডাম্বুলায় পৌঁছে পাকিস্তান ক্রিকেট দল। সন্ধ্যায় পাক খেলোয়াড়রা মাগরিবের নামাজ আদায় করতে স্থানীয় মসজিদুল খায়রা মসজিদে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেয়া হয়।
কর্তৃপক্ষের নির্দেশে খেলোয়াড়দেরকে মসজিদে প্রবেশে বাধা দেয় দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। দলের কতিপয় খেলোয়াড় বিষয়টিকে পাকিস্তান ক্রিকেট দলের জন্য অপমান হিসেবে দেখছেন। এ ঘটনার পর পাকিস্তানি খেলোয়াড়রা গালেবেলায় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
বৌদ্ধ ধর্মাবলাম্বীদের বেশ কয়েকটি গ্রুপের আন্দোলনের ফলে দুই বছর আগেও ডাম্বুলায় এ মসজিদকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সে সময় এক হাজারের বেশি বৌদ্ধ ভিক্ষু ডাম্বুলায় এ মসজিদে নামাজ আদায় না করতে দেয়ার জন্য আন্দোলন করেছিল।-ওয়েবসাইট