ঢাকা : আন্তর্জাতিক পর্যায়ে জটিলতা এড়াতে যোগাযোগ মন্ত্রণালয় ও সড়ক বিভাগের নাম পরিবর্তন করল সরকার।
যোগাযোগ মন্ত্রণালয়ের (মিনিস্ট্রি অব কমিউনিকেশন) নতুন নাম হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট এন্ড ব্রিজেস)।
আর এ মন্ত্রণালয়ের অধীন সড়ক বিভাগের (রোড ডিভিশন) নাম দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (রোড ট্রোন্সপোর্ট এণ্ড হাইওয়ে ডিভিশন)
বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে নাম পরিবর্তনের এই আদেশ দেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যোগাযোগ মন্ত্রণালয়ের ইংরেজি নাম মিনিস্ট্রি অব কমিউনিকেশন হওয়ায় বিদেশিদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অনেকে রেল ও নৌ যোগাযোগ কিংবা তথ্যপ্রযুক্তি খাতকে এ মন্ত্রণালয়ের আওতাধীন মনে করে যোগাযোগ করে। আবার কেউ কেউ এ মন্ত্রণালয়কে সরকারের জনসংযোগ দফতর ভেবেও ভুল করে।
এ বিড়ম্বনা কাটাতেই সরকার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বলে কর্মকর্তারা জানান।
সড়ক, সেতু ও রেলপথ বিভাগের সমন্বয়ে ২০১১ সালের ২৮ এপ্রিল যোগাযোগ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে সরকার। তবে ২০১১ সালের ৪ ডিসেম্বর রেল বিভাগকে আলাদা করে রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়।