সিসি ডেস্ক: খ্যাতনামা আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট হচ্ছে। নতুন এই জোটে গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক বেশ কয়েকটি দল থাকবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে সুস্থ ধারার রাজনীতি এবং গণতান্ত্রিক ধারা সুপ্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় দেশ পরিচালনার লক্ষে এই জোট গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। এর পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তোলাও এই জোটের অন্যতম লক্ষ্য। বিকল্প শক্তি সমাবেশের প্রাথমিক খসড়া কর্মসূচি প্রস্তুত করতে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশাসহ সর্বস্তরের জনগণের সাথে এ নিয়ে আলোচনা করে ঐক্যবদ্ধ কর্মসূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
এ ব্যাপারে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, দেশের মানুষ একটি বিকল্প রাজনৈতিক শক্তির সমাবেশ আশা করছে। তারা চায় শান্তি ও অগ্রগতি। জনগণের এই আশা পূরণেই এই রাজনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।
এ দিকে গতকাল ড. কামাল হোসেনের সভাপতিত্বে রাজনৈতিক নেতৃবৃন্দের এক সভা মতিঝিলস্থ ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এ সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ ব্যাপারে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, উপস্থিত নেতৃবৃন্দ একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। বিকল্প রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তোলার উদ্দেশ্যে দেশের অপরাপর গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি ও ব্যক্তির সাথে আলোচনা চালানোর সিদ্ধান্ত হয়েছে।
নতুন এই জোট সম্পর্কে জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘দীর্ঘ দিন ধরেই একটি জোট গঠনের জন্য আলাপ-আলোচনা হচ্ছে। তবে গতকাল এই জোট গঠনের ব্যাপারে চূড়ান্ত হয়েছে। আরো আলাপ-আলোচনা হবে। পাশাপাশি আরো অনেকে এই জোটে যোগ দেবেন। ’
সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির উপদেষ্টা পরিষদের সদস্য মনজুরুল আহসান খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মোহসীন মন্টু, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, গণফোরাম নেতা মফিজুল ইসলাম খান কামাল, আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, মো: শাহ আলম, এম এ গোফরান, জগলুল হায়দার, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন প্রমুখ।