সিসি ডেস্ক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “জঙ্গি দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে সরকার। তাই আল কায়েদার বাংলাদেশে কার্যক্রম চালানোর ঘোষণায় সরকার বিচলিত নয়।”
বাংলাদেশে কার্যক্রম চালানোর বিষয়ে আল-কায়েদার ঘোষণার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, “বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি আমরা দেখছি, পর্যালোচনা করছি।”
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “দেশে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে সরকার তৎপর রয়েছে। সুতরাং আমরা বিচলিত নই।”
ভারতীয় শাখা গড়ে বাংলাদেশেও কাজ করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি।
বুধবার অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়ে তিনি বলেন, “এই পদক্ষেপ উপমহাদেশে ইসলামিক আইনের প্রসার ও ‘জিহাদের পতাকা সমুন্নত রাখবে।”
৫৫ মিনিটের ওই ভিডিও বার্তায় উপমহাদেশে আল-কায়েদার শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মীরের মুসলমানদের জন্য ‘আনন্দের খবর’ বলে অভিহিত করেন জাওয়াহিরি।
তিনি বলেন, “আল-কায়েদার নতুন এই শাখা এ অঞ্চলের মুসলমানদের ‘অবিচার ও আগ্রাসন’ থেকে উদ্ধার করবে।”
আল-কায়েদার প্রধান বলেন, “অঞ্চলটির (উপমহাদেশ) মুসলমান জনগোষ্ঠীকে বিভক্তকারী কৃত্রিম সীমান্ত নবগঠিত বাহিনী ভেঙে দেবে।”